তুমি আসবে তাই বসুধা সেজেছে শুভ্র বসনে
দিকে দিকে ভরিছে দেখি কুয়াশার তোরণে।
মিষ্টি মুখ করাতে এল খেজুর রসের ধারা
তোমাকে ছাড়া প্রকৃতি যেন সঙ্গসুখ হারা।
মটরশুঁটির দানা দেখি চাইছে ধীরে ধীরে
সম্বোধন তোমার করতে চায় নম্র নত শিরে।
শেষ বিকেলের রক্তিম আভা শশব্যস্ত যেন
নতুন দিনের সূর্য হয়ে উঠছো না তুমি কেন
তোমাতে যেন বদ্ধ আছে আশার বাণী যত
নববর্ষে সেই আশা ফুটুক মনের মত।
সবুজ ঘাসের শিশির কণা নাচছে একেঁ বেঁকে
তোমার জন্য ভালবাসা মনের গভীর থেকে।
