Advertisement

Main Ad

Featured Post

Friday, December 24, 2021

 রচি যদি শ্রুতিময় কাব্য স্বরব্যজ্ঞন দিয়ে  

তবুও তোমায় কম বলা হবে শোন ওহে প্রিয়ে ।।

স্বপ্ন তুলির আঁচড় দিয়ে তোমায় যদি আঁকি 

কম সে সময় এক জনমে বুক পিঞ্জরে রাখি।।

উচ্চারিয়ে হাজার কথা যদিও কই তোমার সনে 

লক্ষ কথা অব্যক্ত রবে অতৃপ্ত এই মনে ।।

কল্পলোকের সাত রঙেতে তোমার ছবি আঁকা

চোখ মুদিলে সেই ছবিটা আরো স্পষ্ট যায় দেখা।।

তোমায় নিয়ে তেপান্তরে দিতে ওগো পাড়ি 

জেনে শুনে তারার সাথে তাই করেছি আড়ি।।





Wednesday, December 22, 2021

 

শরতের কাশফুল হলে সাদা মেঘে হাতছানি দেব  

        যদি তুমি শিউলি ফুল হও শিশিরে ভেজাব ।।     

বুকেতে জড়িয়ে দিয়েছো ভরিয়ে আমার এই শূন্য বুকটা

চেয়ে থাকি অপলক দিয়েছে যে ঝলক তোমার ঐ অপরূপ মুখটা

রূপেরই আগুনে আজি এ ফাগুনে নিজেকে রাঙাব।।

 

পূর্ণিমা রাতে তারাদের সাথে দুটি মন কাছে আসা

সারা রাত জেগে তোমাকে দেখে পুরাব মনের এই আশা

দুটি মন এক হয়ে একই সুরে গান যে গাব।।

 

তোমাকে নিয়ে সীমানা পেরিয়ে যাব যে সুখের ই  নীড়ে

দু চোখ জোড়া স্বপ্ন ভরা  বাঁচব তোমাকে ঘিরে

হৃদয়ের মাঝে যে সুর বাজে সেই সুরে নিজেকে হারাব।।

 

Friday, October 29, 2021

মিষ্টি নামের মেয়েটি

দ্বিধায় ছিলাম বিধায় 
সাধ পূরণে এত বাঁধ, 
আড়ষ্টতা ভেঙে স্বরকে নামিয়ে এক খাদ। 
অতঃপর জিজ্ঞাসালুম 
 কি নাম তোমার? 
অধঃবদনে অস্ফুট স্বরে শুধালে 
 কী যেন মিস্ত্রি; 
তোমার আধো আধো স্বর 
 নাকি আমার মন্ত্র মুগ্ধতা 
কোনটা শুনালো ভুল 
সম্বিৎ ফিরে বললাম 
মিস্ত্রিই হোক আর মিষ্টি 
নামটা কিন্তু দারুণ মিষ্টি।
 চিরাচরিত নিয়ম;
 চিন্তা না করে ডান-বাম শুধাতে হবে ধাম। 
শুধালেম অতঃপরে, 
হিজল ডাঙ্গার পথ মাড়িয়ে গেলেই কয়েক ক্রোশ-ই
  একটু বাদেই সামনে বাধে আমার বাটী 
 বললে প্রিয় ষোড়শী।