Advertisement

Main Ad

Featured Post

Wednesday, April 29, 2020

নওজোয়ান

জীর্ণতার অভ্রভেদি হও আগুয়ান
নবরুপে নবসাজে যত নওজোয়ান।
গাইতে হবে জাগাতে তাদের ঘুম জাগানিয়া
ঊষর মনে ধূসর বনে আলো জ্বালিয়া।
রুদ্ধশ্বাসে রুদ্ধ কর অন্ধকার পথ
জীবন ব্রতী হয়ে তবে পুরাও মনোরথ।
নবযুগ ডাকিছে  তোমারে নবজাগরণে
ঘুমায়ে থেকো না আর কোন অকারনে।
তোমার আশায় বুক বেধেছে সকল শূন্যতা
সুখের ধারায় মিটবে তাদের পরম পূর্ণতা।
সত্যের অস্ত্র হানি মিথ্যাকে কর নিঃশেষ
শূন্য কর চূর্ণ করে জীর্ণতার বেশ।
সুখের ধারা বইবে তবে আমার বাংলাতে
যবে তোমার ঘুম ভাঙ্গবে তোমার সামলাতে

নদী

ধীর পদে হাঁটি কহেন মৃদু হাসি
কিবা সার্থক সাগরে, যদি আমি না ভাসি।
কররুপে দিছি বারি সাগরেরই সঁপি
তাই তোমার খ্যাতি আজ বিশ্বব্যাপি।
নদী আমি নিরবধি চলছি আঁকা  বাঁকা
কুল থাকিতে কুলহারা ওগো বন্ধু সখা।
দখলের ধকলে পড়ে জীবন হল পিষ্ট
যা ছিল সবই গেল নাই অবশিষ্ট।
মাতা বলে অনেকে করে ডাকাডাকি
চোখের জলে নদী বানায় আমাকে রাখি।
বঙ্গদেশে অঙ্গ হয়ে ছিলাম একটা সময়
ভরাট করে দেখি এখন সংখ্যাটাকে কমায়।
আমাকে বাঁচাতে তবে ছুটে আস আজি
বাংলার গৌরব নদী ভরা রতনে রাজি।

Tuesday, April 28, 2020

তোমারই আশায়

কাঁদিয়া ভাসাই তোমারই আশায় আস যদি তুমি ফিরে
বাধিব আবার ভালবাসার ঘর স্বপ্ন ঘেরা নীড়ে।
পথ পানে চাহি বিরহ গীত গাহি অশ্রুসজল চোখে
তাও দেখি আজ শোকাতে চাও তোমার দেওয়া শোকে।
বড় ব্যথা যত কাঁদে ক্রমাগত দু দন্ড থামিয়া
আশা জাগে প্রাণে ভালবাসির টানে আস যদি নামিয়া।
মরুর তৃষা নিবারণে দেখি নামিছে বৃষ্টির ধারা
আমার চোখের বৃষ্টির ফোঁটা করিছে পাগল পারা।
ফেলে গেছো মোরে অকূল পাথারে ক্ষণিক ডোবা ভাসা
অবগাহনে তাই নিচ্ছি অবিরাম তোমার ভালবাসা।
দেখি তোমারে হৃদয় কন্দরে চঞ্চল চপলা হয়ে
ডাকিছো মোরে থাকি বিভোরে ভালবাসার কথার কয়ে।



Saturday, April 25, 2020

তোমার জন্য

তুমি যেন শ্রাবন মেঘের বৃষ্টি টাপুর টুপুর
এক পরশা বৃষ্টি শেষে আনো রোদেলা দুপুর।
উদাস হাওয়া হয়ে তুমি হঠাৎ উধাও হও
আনমোনা করিতে তুমি মনের কথা কও।
সাদা মেঘের ভেলায় ভেসে তোমার যাওয়া আসা
চাঁদনী রাতে রূপ সাগরে হঠাৎ ডোবা ভাসা।
ফুল পরীরা তোমায় দেখে ঈর্ষা করে ভারি
তোমার জন্য নাইতে যাবে পানকৌড়ির সারি।
প্রজাপতি ডানা মেলে ডাকছে চুপিসারে
ফড়িং তোমায় বরণ করবে বুনো ঘাসের হার এ।
চাঁদের বুড়ি স্বপ্ন বোনে চরকা কাঁটার তালে
সুখের ছোঁয়া বয় যেন তাই তোমার পুরোভা
রবি এসে ছবি তোলে মনের গহীন ঘরে
সেই ছবিটা আগলে রাখি অনেক যত্ন করে।
ভ্রমর আসে গুনগুনিয়ে দিতে কাজল এঁকে
দিবানিশি কাটে আমার তোমার স্বপ্ন দেখে।



Sunday, April 19, 2020

নামহীন গোত্রহীন

ভয়ঙ্করকে এড়িয়ে চলে সবাই
ভালবাসে না কেহ
কিন্তু ভয়ঙ্কর সুন্দর
যেমন কৃষ্ণ চূড়ার উদ্ধত লাল
তাকে এড়ানো দায়।
যে ভালবাসাকে জীবন্ত
নশ্বর ধরে নি
শুধু কি সে জীবনেই সীমাবদ্ধ?
মোটেও তা নয়
জীবন কে ছাড়িয়েও সে
করে তোলে ঋণী
আমরা যাকে জীবন দেখি
সবটুকুই কি সে জীবন
জীবনের ভাঁজে ভাঁজে
আসে কালবৈশাখির আন্দোলন
স্থবির করে হৃদস্পন্দন
থেমে যাওয়া মানে কি
সম্পূর্ন থামা?
বাসস্টপে দাড়ানো-থেমে থাকা
বাসটাও সম্পূর্ন থামে না
ভিতরে ভিতরে চলে
বাদ দেওয়া সে - ভুলে যাওয়া
ভালবাসাটাকেও আমি
ভালবাসা বলি মনোরমা।


Tuesday, April 14, 2020

নববর্ষ

বর্ষ শুরু তর্কযুদ্ধে বর্ণমালার মধ্যে
বড় নিয়ে বাড়াবাড়ি বাজছে তাদের বাদ্যে।
‌'রেফ'   বলে আমি ছাড়া বর্ষ কেমন হয়
আমি থাকি সবার  'পরে বাকিরা নিচে রয়।
‌'ন' বলে আমি সদা থাকি সবার সামনে
আমি ছাড়া নতুন বছর আসে দেখি কেমনে।
নতুন করে নতুন সাজে বর্ষ আসবে ‌'ন' এর ঘরে
তাই না দেখে নিন্দুকেরা নিন্দে করে মরে।
‌'ব' বলে আমি ছাড়া ‌'ন' তুমি অচল অসাড়
বর্ষ এসে জুড়াবে তাই আমার শূণ্য ঘর।
‌'ব' বলে বাড়াবাড়ি -বিদ্বেষ কভু ভালো নয়
‌'ব' এর বন্ধুত্বে বর্ষ এবার করবে আলোকময়।
‌'ষ' বলে ষড়যন্র করে কি বর্ষ বরণ হবে?
‌কথা দিছে ষড়সাজে বর্ষ আমার ঘরে যাবে।
বর্ষ এবার ঘুরে আসুক সবার ঘরে ঘরে
বর্ষস্নাত হয়ে নিজেদের নিব নতুন করে।

Monday, April 13, 2020

প্রতীক্ষা

বৃষ্টির গান তোমার আগমনকে
জানান দিচ্ছে টাপুর টুপুর ছন্দে
কদম কেয়া উঁকি মারে
সৌন্দর্য পিপাসু হয়ে।
আকাশের ছন্দহারা , তন্দ্রাবিহীন
ভেসে থাকা মেঘের ঝাক
তোমাকে খুঁজে পাওয়ার
দুনির্বার আকর্ষণে পাগল হয়ে ওঠে।
নীড়হারা পাখির দল
ছুটে চলে বাসার বাসনায়
আর বুকে জমে থাকা
স্বপ্নগুলো শব্দ হয়ে ফোটায় রসনায়।
দিক বলয়ে সূর্য যে আলয় বানায়
রক্তমাখা আবির দিয়ে,
হৃদয়ের অপূর্ণতা পূণ হোক
তোমার ভালবাসার চুম্বন পিয়ে।


অন্য পথে হাঁটা

অন্তহীন অন্ত:করন
আর অস্ফুট ফোঁটা ফুল
হাতে নিয়ে তোমাকে ভালবাসার কথা
বলা সে আর কি কঠিন কাজ।
সত্ত্বাটাকে সস্তায়
বিক্রি করতে আমার বড় দ্বিধা,
আমি পারতাম সব
চিরাচরিত নিয়মের পথে পা বাড়াতে
কিন্তু  ভালবাসার যে
রঙ বদলের ঘটনা
সেটা দেখতে কয়জনে পারে বলো।
অব্যক্ত ভাষাও যে ব্যাস্ত
ব্যাপ্ততার কামনায়
সেখানে আমার কামনা প্রছন্নই বটে।
ভিন্ন হতে গেলে বাধা ছিন্ন করার নিয়ম
তো আজীবনই ঘটে।

Tuesday, April 7, 2020

প্রিয় যে প্রয়োজন

প্রিয় জনের প্রয়োজনের যে আয়োজন
আমি তারে ভালবাসাই বলি
 সেই আয়োজনে জ্যোৎস্নালোক
 ছড়ায় আভা
 বিস্তীর্ণ প্রান্তর জুড়ে
 নতুন দিনের ভালবাসার বীজ
 বুনিবে সে হৃদয় খুড়ে।

যেথা শব্দ বিন্যাসের অপ্রতুলতায়
প্রগাঢ় ভাবের মূর্ছনা
উদভ্রান্তে ডোবা দুটি মন আজ
সেথা খুজে পায় তার ঠিকানা।

আকুলি হৃদয় সকলি বিলায়
যা আছে তার সঞ্চয়
তারি বদলে প্রেমের মাধুকরি
পিয়েতে যে মন চায়।


Wednesday, April 1, 2020

মনের মানুষ

মনের মানুষ খুঁজে ফিরি   
মনেরই অজান্তে
মনের মাঝে নড়ন চড়ন
পাইনা তবু দেখতে
কাছাকাছি দুজন থাকি
তবু নাই তো কারো দেখা
মনে মনে মিলন যে তার
যদিও থাকি  হাজার যোজন ফাঁকা
মন পাখিটা বলে আমার
তুমি আপনজন
সুযোগ পেলেই যাবে চলে
সুযোগ প্রয়োজন
ভেবে আপন করি যাপন
পাখিটারে লয়ে
বাসব ভালো তবু আমি
অশ্রু গেলেও বয়ে
যাক না আমার একা করে
থাকনা পরম সুখে
শূন্য ঘরটা পূর্ণ করবে
আমার বন্ধু দুখে।


বাংলা

বাংলা সুন্দরবন হতে হিমালয়
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হলো অভ্যুদয়
পাকবাহিনীর যত নরপশুগণ
নির্বিচারে করে বাঙ্গালীর চির অপমান
ধর্ষন লুণ্ঠন আর অগ্নিসংযোগ
করে হলো তারা পিশাচ হন্তারক
হত্যা করে তারা বাংলা করে ধ্বংশ
মনে হয় যেন তারা ফিরাউনের বংশ
বাংলার যত চাষী,কুমোর,কামার
সবাই বলে ওঠে এ দেশ আমার
দেশের তরে যারা জীবন করে দান
জাতির কাছে তারা হল সেরা সন্তান
তাদেরই দেওয়া এই রক্তের টীকা
রঞ্জিত করে মোদের জাতীয় পতাকা।